২০০ গ্লাস মদ খেয়ে বিল মেটানোর উপায় নেই, তরুণীর মাথা মুড়িয়ে ভাইরাল ভিডিও!
বার্তা ডেস্কঃ
ব্যাংককের একটি পানশালায় বিশাল অঙ্কের বিল মেটাতে না পারায় এক ১৮ বছরের তরুণীর মাথা মুড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ২৫ আগস্ট পিংকলা এলাকার ওই পানশালায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত তরুণী ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে পানশালায় প্রবেশ করেন এবং খাবারসহ প্রায় ২০০ গ্লাস মদ অর্ডার করেন। যার মোট বিল গিয়ে দাঁড়ায় প্রায় ৬০ হাজার থাই ভাট বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা। বিল পরিশোধ না করেই তরুণী চলে যাওয়ার চেষ্টা করলে পানশালার কর্মীরা তাঁকে আটকে দেন।
পুলিশের দ্বারস্থ না হয়ে পানশালা কর্তৃপক্ষ নিজেরাই শাস্তির ফয়সালা করেন এবং বকেয়া বিলের পরিবর্তে তরুণীর মাথা মুড়িয়ে দেওয়ার একটি চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে পানশালা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, এর আগেও ওই তরুণী অন্য পানশালায় গিয়ে একই কায়দায় বিল না মিটিয়ে পালিয়েছিলেন। তবে এই অমানবিক শাস্তির দৃশ্য ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।