আত্মরক্ষার কৌশল নাকি শুধুই অজুহাত! মোদীর সামনে কী সাফাই দিলেন শাহবাজ?
বার্তা ডেস্কঃ
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (SCO) গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়ে বিশেষ সাফাই দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে মুখ খুলে তিনি স্পষ্টভাবে জানান, এই চুক্তির মূল লক্ষ্য কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যাওয়া বা আঞ্চলিক সংঘাত তৈরি করা নয়। বরং পুরো চুক্তিটি সম্পূর্ণভাবে আত্মরক্ষার স্বার্থে এবং পারস্পরিক সহযোগিতা ও শান্তি নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, বৈঠকে সরাসরি নাম না নিলেও সিন্ধু জলচুক্তির প্রসঙ্গ জোরালোভাবে উত্থাপন করেন পাক প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত এই গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করেছিল। সেই প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন, জল মানবজীবনের অন্যতম প্রধান ভিত্তি এবং একে কখনই যুদ্ধাস্ত্র কিংবা রাজনৈতিক সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়। আন্তর্জাতিক এই ধরনের জলচুক্তিগুলোকে হেলাফেলা না করার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।