কলকাতার ট্রাম ফিরছে নতুন রূপে!

বার্তা ডেস্কঃ

কলকাতা শহরের ঐতিহ্যবাহী ট্রাম ব্যবস্থার পুনরুজ্জীবন ও সার্বিক গণপরিবহণকে আধুনিক করে তুলতে যৌথ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার ও অস্ট্রেলিয়া। সোমবার বিকেলে রাজ্য পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-এর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ।

বৈঠকে কলকাতার ট্রাম পরিষেবাকে বাঁচিয়ে রাখা ও যুগোপযোগী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী জানান, ট্রাম চালনার নতুন রুট নির্ধারণ করতে কেন্দ্রীয় সংস্থা ‘রাইটস’ (RITES)-কে দিয়ে একটি বিশেষ সমীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি, নিজের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, সে দেশের উন্নত প্রযুক্তি ও পরিকাঠামো ব্যবহার করে পশ্চিমবঙ্গের পরিবহণকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য।

অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চও এ রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়নে সে দেশের সংস্থাগুলির অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। মন্ত্রী জানান, নিয়ম মেনে আন্তর্জাতিক সংস্থাগুলি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। অস্ট্রেলিয়ার আধিকারিক ও রাজ্য পরিবহণ দফতরের শীর্ষ ব্যক্তিদের এই যৌথ বৈঠককে কলকাতার পরিবহণ ব্যবস্থার সার্বিক বদলের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *