জুলাইয়ের ডিএ বৃদ্ধি ও অষ্টম বেতন কমিশন, কেন্দ্রীয় কর্মীদের জন্য আসছে বড় সুখবর!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ২০২৬ সালের জুলাই মাসের মহার্ঘ ভাতা (DA) সংশোধনের অপেক্ষায় রয়েছেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ওপর ভিত্তি করে নির্ধারিত এই সংশোধনে ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মন্ত্রিসভার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সরকার এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকরভাবে ডিএ ও ডিয়ারনেস রিলিফ ৬০ শতাংশ করেছিল।
এদিকে, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত অষ্টম বেতন কমিশন বিভিন্ন রাজ্যে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে। জয়পুরের সাম্প্রতিক বৈঠক শেষে এবার পুদুচেরি, চণ্ডীগড় ও বেঙ্গালুরুতে আলোচনা নির্ধারিত রয়েছে। ইউনিয়নগুলির পক্ষ থেকে উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে। সমস্ত অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন করে এই কমিশন ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে বলে আশা করা হচ্ছে।