জিডিপি বৃদ্ধি নিয়ে তুঙ্গে বিতর্ক, অর্থনীতিবিদদের ‘বেকার’ বলে তোপ দাগলেন পীযূষ গোয়েল!

বার্তা ডেস্কঃ

দেশের চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান কেন্দ্র প্রকাশ করার পরেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র অর্থনৈতিক বিতর্ক। সরকারের এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে এর সত্যতা, ভিত্তি ও স্বচ্ছতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গার্গ এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের মতো বিশিষ্ট অর্থনীতিবিদরা। তাঁদের মূল বক্তব্য, বিগত বছরের তথ্যের সঠিক সংশোধন এবং কর্মসংস্থানের বেহাল দশা বিবেচনা না করলে এই উচ্চ বৃদ্ধির প্রকৃত চিত্র সামনে আসতে পারে না।

এই সমালোচনার মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদদের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা টেলিভিশনে বসে জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে বারবার প্রশ্ন তোলেন, তাঁরা আসলে কর্মহীন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি তাঁদের সহ্য হচ্ছে না। মন্ত্রীর জোরালো দাবি, ১৪০ কোটি ভারতবাসীর অক্লান্ত শ্রম ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *