সব জট কাটিয়ে বিরাট ইউ-টার্ন, কলকাতার এই ক্লাবে এবার জমজমাট দুর্গাপুজো!
বার্তা ডেস্কঃ
স্থানীয় বিধায়কের সঙ্গে তীব্র দ্বন্দ্ব ও নানাবিধ চাপের জেরে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা করেছিল কলকাতার পরিচিত ‘২০ পল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি’। গত ২৯ জুলাই ঘটা করে খুঁটিপুজো সম্পন্ন হলেও, পরবর্তীতে বিধায়কের সঙ্গে শর্ত ও বাইক বাহিনীর তর্জাকে কেন্দ্র করে তৈরি হয় চরম অসন্তোষ। স্বাধীনতা দিবসের সকালে কমিটির পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হয়, পারিপার্শ্বিক চাপ ও নিরাপত্তার আশঙ্কায় ৬৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজো এবছর আর করা হচ্ছে না। এই আকস্মিক ঘোষণায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবং পুজো কমিটির ফেসবুক পেজটিও মুছে ফেলা হয়েছিল।
তবে সমস্ত অনিশ্চয়তা ও অন্ধকার কাটিয়ে অবশেষে স্বস্তির খবর শোনাল সংশ্লিষ্ট পুজো কমিটি। স্থানীয় বিধায়কের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি এবং বিবাদ সম্পূর্ণ মিটে যাওয়ায় ফের হইহই করে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিটির পক্ষ থেকে নতুন ব্যানারে ঘোষণা করা হয়েছে, মতভেদ দূর করে পুরোনো ঐতিহ্য বজায় রেখেই এবছর মহাসমারোহে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পুজো বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের এই আকস্মিক ঘোষণায় বেজায় খুশি এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় পুজোপ্রেমীরা।