সারারাত চার্জে ফোন! ব্যাটারির আয়ু বাড়াতে আজই বন্ধ করুন এই ৫ ভুল
বার্তা ডেস্কঃ
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া—আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই জড়িয়ে রয়েছে স্মার্টফোন। কথা বলা, অনলাইন ব্যাঙ্কিং কিংবা বিনোদন, সবকিছুর জন্যই আমরা নির্ভরশীল এই ছোট্ট ডিভাইসটির ওপর। কিন্তু এত ব্যবহারের পরও প্রতিদিন ফোন চার্জ দেওয়ার সময় আমরা এমন কিছু ভুল করে বসি, যা অজান্তেই ফোনের আয়ু কমিয়ে দেয় এবং বড় ধরনের বিপদের ঝুঁকি বাড়ায়।
আপনার প্রিয় স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে এবং বিপদ এড়াতে আজই ৫টি মারাত্মক ভুল শুধরে নিন:
১. কেবলের তার ধরে টান দেওয়া বন্ধ করুন: চার্জিং শেষ হলে অনেকেই প্লাগ থেকে খোলার সময় তার ধরে হ্যাঁচকা টান দেন। এতে কেবলের ভিতরের সূক্ষ্ম তার ছিঁড়ে যেতে পারে এবং ফোনের চার্জিং পোর্টও চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। সবসময় কেবলের সামনের প্লাস্টিক বা মেটালের অংশ ধরে আলতো করে খোলা উচিত। তারের কোথাও ফেটে গেলে তা দ্রুত বদলে ফেলুন, নয়তো ফোন মারাত্মক গরম হতে পারে।
২. অ্যাডাপ্টার খোলার সঠিক নিয়ম: শুধু ফোন থেকেই নয়, সকেট বা সুইচবোর্ড থেকে অ্যাডাপ্টার খোলার সময়ও তারে টান দেবেন না। সরাসরি চার্জিং অ্যাডাপ্টারটি হাত দিয়ে ধরে সকেট থেকে বের করুন।
৩. ২০-৮০ রুল মেনে চলুন (২০% থেকে ৮০% চার্জ): ব্যাটারির চার্জ একদম ০% এ নামানো কিংবা সবসময় ১০০% ফুল চার্জ দেওয়া—কোনোটিই ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো নয়। ব্যাটারির কর্মক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ফোনের চার্জ সবসময় ২০% থেকে ৮০%-এর মধ্যে রাখা সবচেয়ে আদর্শ।
৪. সারারাত চার্জে বসিয়ে রাখবেন না: অনেকেরই অভ্যাস থাকে রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়া। সারারাত চার্জে থাকলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এবং ব্যাটারির আয়ু দ্রুত কমতে থাকে। চার্জ দেওয়ার সময় ফোনের ব্যাক কভার বা কেস খুলে রাখা ভালো, যাতে অতিরিক্ত তাপ সহজে বেরিয়ে যেতে পারে।
৫. নকল চার্জার ও গেম খেলা থেকে দূরে থাকুন: কখনই সস্তা বা অননুমোদিত ব্র্যান্ডের নকল চার্জার ব্যবহার করবেন না। সবসময় ফোনের সাথে পাওয়া আসল (Original) বা সার্টিফাইড চার্জার ব্যবহার করুন। এছাড়া চার্জে বসিয়ে গেম খেলা বা ভিডিও দেখা বন্ধ করুন। বালিশের নিচে কিংবা কড়া রোদে ফোন রেখে চার্জ দেওয়া অত্যন্ত বিপজ্জনক।
এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়মগুলো মেনে চললেই আপনার শখের স্মার্টফোনটি থাকবে একদম সুরক্ষিত এবং ব্যাটারিও দেবে দীর্ঘদিন ধরে সেরা পারফরম্যান্স!