কোটি কোটি টাকার সোনা, কেন হঠাৎ ইউএই-এর ওপর ভরসা বাড়ছে ভারতের?
বার্তা ডেস্কঃ
September 4, 202612:33 pm
দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত ক্রমাগত সোনা আমদানি করলেও সম্প্রতি এর পরিমাণ সব রেকর্ড ছাড়িয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতের সোনার আমদানি বিল ৪৭.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১.০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই থেকে সোনা কেনার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। বিগত বছরের ১.৪০ বিলিয়ন ডলারের তুলনায় চলতি বছরে তা ৩.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ১২৫ শতাংশ বেশি।
এই বিপুল পরিমাণ সোনা আমদানির নেপথ্যে প্রধানত ভারত ও ইউএই-এর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কাজ করছে। এই চুক্তির সুবাদে ইউএই থেকে ১৪ শতাংশ শুল্কে সোনা আমদানি করা যায়, যেখানে অন্যান্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। বাণিজ্যের ক্ষেত্রে এই ১ শতাংশ শুল্কের তফাতই কোটি কোটি ডলারের ব্যবধান গড়ে দিয়েছে। পাশাপাশি, অন্য দেশগুলোও এই বাণিজ্যিক সুবিধার সুযোগ নিয়ে ইউএই-এর মাধ্যমে ভারতে সোনা পাঠাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।