মুষলধারে বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ভয়াবহ ধস, থমকে গেল একাধিক ট্রেন!
বার্তা ডেস্কঃ
September 4, 202612:33 pm
টানা প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা ও তিলডাঙা স্টেশনের মাঝে রেললাইনে ধস নেমেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে হাওড়াগামী ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন মাঝপথেই আটকে পড়ে।
রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজে ঢোকার মুখে আপ লাইনের একটি অংশে ধস নামে। একটানা বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে রেললাইনের নিচের অংশটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরই তৎপরতার সঙ্গে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং দ্রুত গতিতে ট্র্যাক মেরামতির কাজ শুরু করেন।
এই পরিস্থিতির জেরে হাওড়াগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আটকে যায়। আটকে থাকা ট্রেনের তালিকায় রয়েছে পদাতিক এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেল-সহ বেশ কিছু ট্রেন। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশনে বা মাঝপথে অপেক্ষা করতে হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই বিকল্প পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত আপ লাইনের পাশাপাশি ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চলাচল সচল রাখার চেষ্টা চলছে, যাতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়। রেললাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত এই বিকল্প ব্যবস্থাতেই ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল।