মাঝআকাশে মদ্যপ পাইলট, এয়ার ইন্ডিয়ার বিমানে কীভাবে ফিরল প্রাণ?
বার্তা ডেস্কঃ
১৩৭ জন যাত্রী নিয়ে ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে নেমে এল চরম বিপর্যয়। গত ৪ আগস্ট উড্ডয়নকালে আচমকা বিমানটির তিনটি হাইড্রোলিক সিস্টেমই পরপর বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে এটি প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়, যার ফলে মারাত্মক ঝাঁকুনিতে গুরুতর আহত হন অন্তত ২৪ জন যাত্রী। তবে সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (AAIB) প্রাথমিক তদন্তে এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে ঘটনার তদন্তে নেমে কেবল যন্ত্রাংশের গোলযোগই নয়, পাওয়া গেছে আরও এক বিস্ফোরক তথ্য। ডোপ টেস্টের রিপোর্টে ধরা পড়ে, উড়ান শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত পাইলট মদ্যপ ছিলেন এবং সাইকোঅ্যাক্টিভ পদার্থের প্রভাবে ছিলেন। পরবর্তীতে ওই পাইলট নিজেই স্বীকার করেন যে তিনি বিমান চালনার পূর্বে গাঁজা ও শক্তিশালী ঘুমের ওষুধ খেয়েছিলেন। ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে তদন্তকারী সংস্থা এই গাফিলতি নিশ্চিত করেছে। এই ঘটনাটি এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের সুরক্ষার ওপর এক বিরাট বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে।