ডায়ালিসিস ছাড়াই ৯ মাস সচল শূকরের কিডনি, চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস!
বার্তা ডেস্কঃ
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করে নজির গড়লেন আমেরিকার ৬৬ বছর বয়সী প্রবীণ টিম অ্যান্ড্রুজ। কিডনি বিকল হওয়ার পর উপযুক্ত মানব-কিডনি পাওয়ার অপেক্ষায় থাকা এই রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল বিশেষ জিন-পরিবর্তিত শূকরের কিডনি। পরীক্ষামূলক এই চিকিৎসা তাকে টানা ২৭১ দিন অর্থাৎ প্রায় ৯ মাস ডায়ালিসিস ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে। ‘দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত এই রিপোর্ট প্রমাণ করেছে যে, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায় জিন-সম্পাদিত শূকরের কিডনি ভবিষ্যতে মানব-কিডনি না পাওয়া পর্যন্ত এক জীবনরক্ষাকারী ‘অপেক্ষার সেতু’ হিসেবে কাজ করতে পারে।
পরবর্তী সময়ে শূকরের কিডনিটির কার্যক্ষমতা হ্রাস পেলে তা সরিয়ে ফেলা হয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে এক মৃতদাতার মানব-কিডনি সফলভাবে অ্যান্ড্রুজের শরীরে বসানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আগের শূকরের কিডনিটি মানবদেহে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া বা সংক্রমণ তৈরি করেনি, ফলে নতুন মানব-কিডনিটি তার শরীরে সহজেই গৃহীত হয়। মানুষের শরীরের উপযোগী করতে ওই শূকরের জিনে মোট ৬৯টি বিশেষ পরিবর্তন আনা হয়েছিল। বিশেষজ্ঞ মহল মনে করছেন, এই সাফল্য অঙ্গ প্রতিস্থাপনের দীর্ঘ অপেক্ষায় থাকা বিশ্বজুড়ে লাখ লাখ মুমূর্ষু রোগীর বেঁচে থাকার লড়াইয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।