ঢাকুরিয়ায় সাঁতারের প্রশিক্ষণ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের!

বার্তা ডেস্কঃ

কলকাতা: সাঁতার শেখার ক্লাসে চরম বিপর্যয়। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় রবীন্দ্র সরোবর সংলগ্ন একটি সুইমিং পুলে অনুশীলনের সময় জলে ডুবে মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্রের। মৃত কিশোরের নাম সরিপ ঘোষ (১৬)। শুক্রবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ক্লাবের প্রশিক্ষকদের চরম অবহেলা ও গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মৃতের স্বজনেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে রবীন্দ্র সরোবরের ওই ক্লাবে বিশেষ ‘আন্ডারওয়াটার’ (জলের নিচে) প্রশিক্ষণ চলছিল। অনুশীলনের কোনো এক ফাঁকে সরিপ জলের গভীরে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ সে জল থেকে উপরে না ওঠায় সন্দেহ জাগে প্রশিক্ষকদের, শুরু হয় খোঁজাখুঁজি। শেষমেশ সুইমিং পুলের তলদেশ থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি জানাজানি হতেই সুইমিং ক্লাব কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সাঁতারের মতো ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণের সময় নজরদারি কেন শিথিল ছিল, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্বজনেরা। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। সুইমিং পুলের নিরাপত্তা বলয়ে কোনো ত্রুটি ছিল কি না এবং গাফিলতির সপক্ষে প্রমাণ মিললে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *