অভিষেকের বিরুদ্ধে FIR নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, মিলল বড় স্বস্তি!

বার্তা ডেস্কঃ

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর (FIR) দায়ের হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প কাণ্ডে দায়ের হওয়া মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, “এনাফ ইজ এনাফ!”

বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন ক্ষোভ প্রকাশ করে বিচারপতি মন্তব্য করেন, ভিত্তিহীন একই ধরনের অভিযোগ শুনতে শুনতে তিনি ক্লান্ত। নির্বাচনে পরাজিত একজন ব্যক্তি কেন বারবার এই ধরনের এফআইআর করছেন, তা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়—আদালতের আগাম অনুমতি ছাড়া অভিষেকের বিরুদ্ধে নতুন কোনো এফআইআর নেওয়া যাবে না, এমন কড়া নির্দেশ দিতেও আদালত বাধ্য হতে পারে।

শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, অনুমতি ছাড়াই শিবিরে এক্স-রে মেশিন ব্যবহার ও ওষুধ বিতরণ করা হয়েছিল। কিন্তু বিচারপতি তা নাকচ করে জানান, এটি বড়জোর চিকিৎসার গাফিলতির বিষয় হতে পারে, যা খতিয়ে দেখা ক্লিনিক্যাল কাউন্সিলের কাজ। সরাসরি কোনো রোগী মেডিক্যাল বোর্ডে অভিযোগ করেছেন কি না, সেই প্রশ্নও তোলেন বিচারক।

সব পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট নির্দেশ দেয়, সেবাশ্রয় মামলায় আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া আইনি পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত তদন্তের মতো চলবে এবং অভিষেককে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *