বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মীদের বদলিতে বড় পদক্ষেপ, ১০ সেপ্টেম্বরই আসছে নতুন বিল!

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি (Inter-University Transfer) সহজ ও নিয়মমাফিক করতে একটি বিধিবদ্ধ আইনি কাঠামো তৈরি করছে রাজ্য সরকার। এই লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভায় পেশ করা হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ সংশোধন বিল, ২০২৬’। রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যেই এই বিলটির খসড়া অনুমোদিত হয়েছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার একটি বিশেষ বিধানসভা অধিবেশনের প্রস্তাব স্পিকারের কাছে পাঠানো হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক জটিলতা কাটিয়ে নির্দিষ্ট নীতি, শর্ত ও যোগ্যতামান সাপেক্ষে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি হওয়া সম্ভব হবে। এর ফলে কর্মীদের প্রশাসনিক প্রয়োজন, পারিবারিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিষেবাগত চাহিদার মধ্যে ভারসাম্য রেখে বদলির সুযোগ তৈরি হবে।

বিধানসভায় বিলটি অনুমোদিত হওয়ার পর সাংবিধানিক নিয়ম মেনে তা রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে। রাজ্যপালের স্বাক্ষরের পরেই চূড়ান্ত নির্দেশিকা ও বিধি জারি করে কার্যকর হবে এই নতুন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দাবি পূরণ হলে রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *