সুরজিতের ক্লিনচিটে ক্ষুব্ধ প্রাঞ্জল, সিএবির বিরুদ্ধে এবার আদালতের পথে আইনজীবী!
বার্তা ডেস্কঃ
সুরজিৎ লাহিড়ির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ খারিজ হওয়ায় বঙ্গ ক্রিকেট সংস্থার (সিএবি) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন আইনজীবী ও প্রাক্তন ক্রিকেটার প্রাঞ্জল পাল। সিএবির এথিক্স অফিসারের দেওয়া সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত বেঙ্গল টি-টোয়েন্টি লিগ কেন্দ্র করে। সিএবির অ্যাপেক্স কাউন্সিল সদস্য সুরজিৎ লাহিড়ির বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজি দল ‘নোভাস পুরুলিয়া রয়্যালস’-এর সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তোলেন প্রাঞ্জল। গত ১০ মে অনুষ্ঠিত খেলোয়াড়দের নিলাম থেকে শুরু করে পুরো প্রতিযোগিতা চলাকালীন সুরজিৎকে ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দেখা গেছে—এই দাবি তুলে সিএবির এথিক্স অফিসার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে লিখিত অভিযোগ জানান প্রাঞ্জল। তিনি সুরজিতের বহিষ্কার, আর্থিক জরিমানা এবং সমস্ত ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে তাকে দূরে রাখার আবেদন করেছিলেন।
তবে শুনানির পর উপযুক্ত প্রমাণের অভাবে সুরজিৎ লাহিড়িকে সমস্ত অভিযোগ থেকে দায়মুক্ত বা ক্লিনচিট দেওয়া হয়। সিএবির এথিক্স অফিসারের পর্যবেক্ষণ, অভিযোগটি হয়রানি করার উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এর সাথে অভিযোগকারীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত ছিল না।
সিএবির এই রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রাঞ্জল পাল বলেন, “একজন অ্যাপেক্স কাউন্সিল সদস্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও কোনো ‘স্বার্থের সংঘাত’ খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার ক্ষেত্রে এটি বিরাট ধাক্কা। প্রশাসনের সততা বজায় রাখতে আমি আইনানুযায়ী উপযুক্ত আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাব।”