৭ বছর পর ভারতে জিনপিং! মোদীর আমন্ত্রণে দিল্লিতে চিনা প্রেসিডেন্ট?
বার্তা ডেস্কঃ
September 10, 20266:34 pm
নয়াদিল্লি: দিনকয়েকের চরম জল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহান্তেই ভারত সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তাঁর এই দিল্লি আগমন। চিনের বিদেশ মন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়েই চিনা রাষ্ট্রপ্রধান এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন।
এর আগে বেজিংয়ের তরফে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র সফর নিয়ে সরাসরি মন্তব্য এড়ালেও দিনের শেষে আনুষ্ঠানিক ঘোষণায় সব অনিশ্চয়তা কেটে যায়।
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনার রক্তক্ষয়ী সংঘাতের পর ভারত-চিন কূটনৈতিক সম্পর্কে নজিরবিহীন শৈত্য দেখা দিয়েছিল। সেই সীমান্ত সংঘাতের জেরে দীর্ঘ ৭ বছর চিনা প্রেসিডেন্টের ভারত সফর থমকে ছিল। ২০১৯ সালে তামিলনাড়ুর মামল্লাপুরমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে শেষ বার ভারতে এসেছিলেন জিনপিং।
তবে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের পরিবর্তিত সমীকরণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে দিল্লি-বেজিং অক্ষ নতুন রূপ নিতে শুরু করেছে। গত বছর প্রধানমন্ত্রী মোদীর চিন সফর এবং সম্প্রতি কিরগিজস্তানে দুই নেতার সংক্ষিপ্ত বৈঠকের পর কূটনৈতিক সম্পর্কে বরফ গলতে শুরু করে। ভারতের তরফে ইলেকট্রনিক্স, ক্যাপিটাল গুডস এবং সোলার সেল শিল্পে চিনা বিনিয়োগের বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে।
সীমান্ত বিরোধ সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যে রেকর্ড জোয়ার এসেছে। চিনা শুল্ক দফতরের তথ্য অনুযায়ী, গত বছর ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্য ১২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ। চলতি বছরের প্রথম সাত মাসেও এই বৃদ্ধির হার প্রায় ২৩ শতাংশ। দ্বিপাক্ষিক সম্পর্কের এই ইতিবাচক আবহেই এবার মোদী-জিনপিং মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন।