১১ হাজার কোটির বাজেটেও নেই ঝাড়ু, পকেটের টাকায় শহর সাফ করছেন সুরাটের কর্মীরা!
বার্তা ডেস্কঃ
September 10, 20268:33 pm
সুরাট: দেশজুড়ে পরিচ্ছন্নতার নিরিখে বারবার শীর্ষস্থানে নাম কুড়িয়েছে গুজরাটের সুরাট শহর। কিন্তু চকচকে এই শহরের অন্দরেই এবার সামনে এল চরম গাফিলতি ও লজ্জাজনক এক ছবি। সুরাট মহানগরপালিকার (SMC) বার্ষিক বাজেট প্রায় ১১ হাজার কোটি টাকা, অথচ শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার মূল হাতিয়ার— অর্থাৎ ঝাড়ু কেনার টাকাই নাকি নেই পুরনিগমের কাছে!
পকেটের টাকায় ঝাড়ু কিনছেন সাফাইকর্মীরা গত দুই মাস ধরে সুরাটের সেন্ট্রাল গোডাউনে ঝাড়ুর ভাঁড়ার পুরোপুরি শূন্য। ফলে চরম বিপাকে পড়েছেন শহরের প্রায় ৮ হাজার সাফাইকর্মী। কাজের খাতিরে বাধ্য হয়ে নিজেদের সীমিত বেতন থেকেই প্রতি মাসে ২০০ থেকে ৩০০ টাকা খরচ করে ঝাড়ু কিনতে হচ্ছে হতদরিদ্র এই কর্মীদের। ফলে মাসশেষে চরম আর্থিক সংকটের মুখে পড়ছেন তাঁরা।
গোডাউনে স্টক ‘জিরো’, দায় এড়াচ্ছে প্রশাসন পুরসভা সূত্রের খবর, টেন্ডার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং সময়মতো নতুন অর্ডারের মাল না পৌঁছানোর কারণেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। গোডাউনে ছোটখাটো কিছু ব্রাশ থাকলেও রাস্তা সাফাইয়ের প্রধান ‘হার্ড ঝাড়ু’ একেবারেই নেই। এই বিষয়ে সেন্ট্রাল স্টোরের জুনিয়র ইঞ্জিনিয়ার রাকেশ পারমার জানান, সম্প্রতি নতুন ঝাড়ুর অর্ডার দেওয়া হয়েছে, ডেলিভারি পেলেই কর্মীদের মধ্যে তা বিতরণ করা হবে।
ক্ষোভে ফুটছেন কর্মী ও স্থানীয় বাসিন্দারা সাধারণ নাগরিক নোংরা ফেললে যেখানে মোটা অঙ্কের জরিমানা আদায় করে পুর প্রশাসন, সেখানে শহরকে সাফ রাখা কর্মীদের ন্যূনতম সরঞ্জামটুকু দিতে না পারায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১১ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও প্রশাসনের এমন উদাসীনতা এখন গোটা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।