ডিআরডিও থেকে আদানি হাসপাতাল, শিল্পায়নের পথে নতুন চমক!
বার্তা ডেস্কঃ
September 11, 20268:34 pm
রাজ্যে বড় অঙ্কের দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ টানতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্য সামনে রেখে দিল্লি ও মুম্বই সফরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরকালে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রধানদের সাথে বৈঠকে বসবেন।
দিল্লি-মুম্বই সফর ও ব্রিকস সম্মেলন নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলনের একটি বিশেষ নৈশভোজে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর মুম্বইয়ে মুকেশ আম্বানির সঙ্গে রাজ্যের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। পাশাপাশি আম্বানি পরিবারের গণেশপুজো উপলক্ষ্যে অনন্ত আম্বানির আমন্ত্রণেও তিনি সেখানে উপস্থিত থাকবেন।
প্রতিরক্ষা প্রকল্প ও বাণিজ্যিক সম্প্রসারণ পূর্ব মেদিনীপুরের জুনপুটে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) প্রস্তাবিত অস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার প্রকল্পে গতি আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের প্রায় ৬,০০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, যা দুর্গাপূজোর আগেই উদ্বোধন করা হবে। শিল্প সম্ভাবনা আরও বাড়াতে আরও ৩৩টি নতুন সংস্থাকে তাদের প্রস্তাবিত প্রকল্পের জন্য জমি হস্তান্তর করা হচ্ছে।
নিউ টাউনে আদানি গোষ্ঠীর হাসপাতাল আগামী ২৪ সেপ্টেম্বর নিউ টাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ২,০০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিরও উপস্থিত থাকার কথা রয়েছে। হাসপাতালের অর্ধেকের বেশি শয্যা আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের চিকিৎসায় নির্দিষ্ট রাখা হবে।
রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় কর্পোরেট বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে রাজস্ব আয় বাড়বে। সেই অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক পরিকাঠামো খাতের দ্রুত উন্নয়ন সম্ভব হবে।