যাদবপুরে ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস, নগদ-সহ ধৃত ৪!
বার্তা ডেস্কঃ
September 12, 20269:33 am
কলকাতার ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি বড়সড় অনলাইন জুয়া ও ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব যাদবপুর থানা এলাকার দীনেশনগরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৯টি স্মার্টফোন, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৪টি ব্যাংক ডেবিট কার্ড এবং নগদ ২৬,৫০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর রাতে দীনেশনগরের ওই ফ্ল্যাটে বেআইনি ক্রিকেট বেটিং এবং অনলাইন জুয়ার কারবার চলার খবর আসে। সাধারণ মানুষকে আকর্ষণীয় লাভের প্রলোভন দেখিয়ে এই বেআইনি কারবার চালানো হচ্ছিল। খবরের ভিত্তিতে পূর্ব যাদবপুর থানার একটি বিশেষ দল তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের পাকড়াও করে। ধৃতরা হলেন সৌরভ কুমার সিন্ধুরিয়া, বিকাশ কুমার বর্মা, ধীরজ কুমার ঠাকুর এবং ওমপ্রকাশ সাউ—যাঁরা সকলেই ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতেরা এই গ্যাংয়ের কেবল একটি অংশ। এর পেছনে একটি সুসংগঠিত চক্র জড়িত রয়েছে, যার সঙ্গে পবন সাউ ও রোহিত নামের আরও দুই ব্যক্তির যোগ পাওয়া গেছে। কলকাতার অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগারওয়াল জানান, মূল চক্রীদের চিহ্নিত করতে বাজেয়াপ্ত করা গ্যাজেটগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মাধ্যমে আর্থিক লেনদেনের উৎস ও মূল যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতকদের সন্ধানে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।