২০২৮-এর মধ্যে টেট পাশ বাধ্যতামূলক, কড়া পদক্ষেপ রাজ্য সরকারের!
বার্তা ডেস্কঃ
September 12, 202610:33 am
সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে বড় পদক্ষপে নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এবার কর্মরত প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য টেট (TET) পাশ বাধ্যতামূলক করা হচ্ছে। এই সংক্রান্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে প্রশাসন।
কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য? শীর্ষ আদালতের রায় অনুযায়ী, সংখ্যালঘু নয় এমন বিদ্যালয়গুলিতে কর্মরত যেসব শিক্ষকের চাকরির মেয়াদ এখনও ৫ বছর বা তার বেশি বাকি রয়েছে, তাঁদের আগামী ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে অবশ্যই টেট পাশ করতে হবে।
কারা ছাড় পাচ্ছেন? সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা অনুযায়ী, যাঁদের চাকরির মেয়াদ ৫ বছরের কম বাকি রয়েছে, তাঁদের জন্য এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। এছাড়া minority বা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে না।
পরীক্ষার আয়োজন ও ভবিষ্যৎ ঝুঁকি: শিক্ষকদের সুযোগ নিশ্চিত করতে দ্রুত প্রথম দফার পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নিয়ম করে বছরে অন্তত দু’বার (বা প্রতি ছয় মাস অন্তর) টেট পরীক্ষা নেওয়া হবে।
মনে রাখা দরকার, নির্ধারিত সময়সীমার মধ্যে টেট পাশ করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বজায় রাখা নিয়ে বড়সর আইনি জটিলতা ও ঝুঁকি তৈরি হতে পারে।