বাংলায় ফিরছে সোনালী দিন, শিল্প ও কর্মসংস্থানে সরকারের মেগা রোডম্যাপ!
বার্তা ডেস্কঃ
September 12, 20267:33 pm
রাইজিং ভারত সামিটের মঞ্চে রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ ইতিবাচক বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। আগামী পাঁচ বছরের এক নিখুঁত রোডম্যাপ তুলে ধরে তিনি দাবি করেন, রাজ্য আবার তার পুরনো সোনালী দিন ফিরে পেতে চলেছে। বড় শিল্প এবং আইটি সেক্টরের পাশাপাশি জেলাভিত্তিক শিল্পের বিকাশ ও স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই এখন সরকারের মূল অগ্রাধিকার।
সাম্প্রতিক সময়ে হাজার হাজার ব্যবসায়ী ও বিনিয়োগকারী রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক স্থবিরতা নিয়ে আমজনতার যে ক্ষোভ ছিল, তা দূর করতে রাজ্য সরকার এখন বদ্ধপরিকর। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় বাংলার অর্থনীতি ফের দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছে।
শিল্পায়নের বড় বাধা দূর করতে রাজ্যের জমি নীতিতেও আনা হচ্ছে গুরুত্বপূর্ণ বদল। উত্তরবঙ্গ থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে শিল্পের নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। দীর্ঘদিন আইনি জটে আটকে থাকা কিংবা অব্যবহৃত জমি চিহ্নিত করে দ্রুত তা শিল্পের কাজের জন্য বরাদ্দ করার প্রক্রিয়া চলছে। চলতি মাসেই এই নতুন নীতি পরিবর্তনের সুফল স্পষ্ট হবে।
আইটি খাতের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও প্রক্রিয়াকরণে বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। মালদা ও মুর্শিদাবাদের বিখ্যাত আমসহ অন্যান্য কৃষিপণ্য জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পাঠাতে দ্রুত গড়ে তোলা হচ্ছে আধুনিক ‘ফুড পার্ক’। ভিনরাজ্যে বাংলার খাবারের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কাজের খোঁজে বাইরে যাওয়া ঘরের ছেলেরা আবার স্বরাজ্যে ফিরে আসতে পারেন।