বসিরহাট জেলে ডায়ারিয়ার প্রকোপ, অসুস্থ ১৭ বন্দি! নেপথ্যে বিষাক্ত খাবার?
বার্তা ডেস্কঃ
September 12, 20268:33 pm
উত্তর ২৪ পরগনার বসিরহাট উপসংশোধনাগরে হঠাৎ দেখা দিয়েছে ডায়ারিয়ার প্রকোপ। গত কয়েক দিন ধরে একাধিক বন্দি পেটের সমস্যায় ভুগছিলেন। সময় গড়ালেই অসুস্থ বন্দির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ থেকে ১৮ জনে। জেলের ভেতর একসঙ্গে এত বন্দি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি খবর দেওয়া হয় স্বাস্থ্য দফতরে।
পরিস্থিতি পর্যালোচনা করতে বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (ডিসিএমওএইচ) ডঃ অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ মেডিক্যাল টিম সংশোধনাগারে পৌঁছায়। চিকিৎসকেরা অসুস্থ বন্দিদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। স্বাস্থ্য আধিকারিক ডঃ অনুপম ভট্টাচার্য জানান, আপাতত আক্রান্তদের অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে এবং কাউকেই হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন পড়েনি। তবে ঠিক কী কারণে এই ডায়ারিয়া ছড়ালো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্প্রতি রাজ্য জুড়ে ‘খাদ্যসুরক্ষা সপ্তাহ’ পালনকালে একাধিক রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার উদ্ধার করা হয়েছে। ঠিক এই সময়েই বসিরহাট জেলের খাবারের মান ও খাবারে বিষক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। তবে সংশোধনাগার কর্তৃপক্ষ খাবারে বিষক্রিয়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ডায়রিয়ার কথা মেনে নিলেও খাবারের গাফিলতি থেকে এই সংক্রমণ ঘটেছে— এমন দাবি মানতে নারাজ প্রশাসন।