কাশী থেকে গুজরাট, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে আবেগের জোয়ার!
বার্তা ডেস্কঃ
September 17, 202611:00 am
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশজুড়ে ব্যাপক উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে একগুচ্ছ রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে কলকাতার নিমতলা ঘাট—সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ পূজার্চনা ও জমকালো আয়োজন।
বারাণসী থেকে বিশাল বাইক যাত্রা ও মেগা প্রদর্শনী প্রধানমন্ত্রী মোদির লোকসভা কেন্দ্র কাশী থেকে শুরু হয়েছে বিশেষ ‘সেবা সংকল্প বাইক যাত্রা’। আড়াইশোটি মোটরবাইকে ৫০০ জন আরোহী ১০টি রাজ্যের ১৯৩টি জেলা ও ১,১৫৯টি গ্রামের ওপর দিয়ে গুজরাট পর্যন্ত পৌঁছাবেন। বারাণসীর রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে মোদির ২৫ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মজীবনের ওপর এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সামাজিক কাজ ও যুবসমাজের কাছে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে।
বাংলায় দুধ-স্নান ও ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ পশ্চিমবঙ্গেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। সকালে কলকাতার নিমতলা ঘাটে মোদির বিশাল কাটআউটে দুধ ঢেলে পুজো দেন সমর্থকরা। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি রাজ্যেও সন্ধ্যায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে।
অন্যান্য কর্মসূচির পাশাপাশি শুভেন্দু অধিকারী তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ উদযাপনের ঘোষণা করেছেন। এই দিনে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা অর্থ প্রদান করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।