ঝালমুড়ি খেয়ে জ্বলে উঠল বিরোধীদের জিভ!
বার্তা ডেস্কঃ
September 17, 20266:30 pm
প্রধানমন্ত্রীর জন্মদিনে ভিন্ন স্বাদের উপহার নিয়ে এলেন ঝাড়গ্রামের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে ক্রেতাদের জন্য ‘স্পেশাল অফার’ ঘোষণা করেছেন তিনি—আজ প্রতিটি ঠোঙায় বিনামূল্যে মিলছে অতিরিক্ত ২০ গ্রাম ঝালমুড়ি।
সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে মোদীর ছবিতে পুজো দেন বিক্রম। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তবেই খোলে তাঁর দোকান। মোবাইলের ডিসপ্লেতেও এখন শোভা পাচ্ছে মোদীর ছবি। তবে কেবল শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি বিক্রম; প্রধানমন্ত্রীর কাছে তাঁর আকুল আবেদন—একটি ছোট্ট ঘর। অভাবের সংসারের কথা জানিয়ে তিনি বলেন, “আমি গরিব মানুষ, প্রধানমন্ত্রী যদি একটা ছোট ঘর বানিয়ে দেন, তবে খুব উপকার হয়।”
পটভূমি ও জাতীয় রাজনীতিতে সেই ঝালমুড়ি: গত এপ্রিলে বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে গিয়ে বিক্রমের দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। কনভয় থামিয়ে হেলিপ্যাডের মুখে বিক্রমের দোকানে তাঁর মোদীকে ঝাল-পেঁয়াজ লাগা নিয়ে প্রশ্ন করা হলে মোদী হেসে মন্তব্য করেছিলেন, ‘সির্ফ দিমাগ নেহি খাতা হুঁ’ (শুধু মাথা খাই না)।
সেই ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে কম জলঘোলা হয়নি। শাসকদল তৃণমূল একে ‘নাটক’ বলে খোঁচা দিলে মোদী পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, “ঝালমুড়ি খেয়েছি আমি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।” শুধু তা-ই নয়, পরবর্তীতে নেদারল্যান্ডসের মাটিতে প্রবাসী ভারতীয়দের সামনেও ঝাড়গ্রামের এই বিক্রমের ঝালমুড়ির গল্প তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী।