পুজোর আগেই ফিরছে রোজভ্যালির ৫০০ কোটি! ৬ মাসেই পাওনা মেটানোর নির্দেশ হাইকোর্টের
বার্তা ডেস্কঃ
September 17, 20268:38 pm
পুজোর আগেই মুখে হাসি ফুটতে চলেছে রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের। উৎসবের মরসুম শুরুর আগেই আমানতকারীদের ৫০০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, শুধু এই ৫০০ কোটি টাকাতেই ক্ষান্ত থাকলে চলবে না; আগামী ৬ মাসের মধ্যে সংস্থার সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে সব আমানতকারীর গচ্ছিত অর্থ পুরোপুরি মিটিয়ে ফেলতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ এই কড়া নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের বক্তব্য, সম্পত্তি দ্রুত বিক্রি করে সমস্ত আমানতকারীর অর্থ ফেরত দেওয়াই এখন মূল লক্ষ্য হওয়া উচিত এবং অ্যাসেটস ডিসপোজাল কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার আন্তরিক চেষ্টা করতে হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে। পরবর্তীতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন তাঁর স্ত্রী শুভ্রা কুন্ডুও। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি রোজভ্যালির প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর আগেও আমানতকারীদের কিছুটা টাকা ফেরত দেওয়া হয়েছে বলে ইডি আদালতে জানালেও, বড় একটি অংশ এখনও বকেয়া রয়ে গেছে। হাইকোর্টের এই নতুন সময়সীমা বেঁধে দেওয়ায় এতদিন ধরে অনিশ্চয়তায় ভোগা আমানতকারীদের মনে ফের নতুন আশা দেখা দিয়েছে।