টাকা না দিলেই শোকজ! আরাবুলের নিশানায় এবার আব্বাস-নওশাদ
বার্তা ডেস্কঃ
September 18, 20268:42 am
আইএসএফ-এর শীর্ষ স্তরের দুই হেভিওয়েট নেতাকে শোকজ করাকে কেন্দ্র করে ভাঙড়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে একের পর এক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এবার সিদ্দিকী ভাইদের বিরুদ্ধে সোচ্চার হলেন দলটিরই প্রাক্তন নেতা আরাবুল ইসলাম।
টাকা তোলার মারাত্মক অভিযোগ
আরাবুল ইসলামের দাবি, আইএসএফ কার্যত “দুই ভাইয়ের দল”। তাঁর স্পষ্ট অভিযোগ, বুথ স্তরে টাকা তোলাকে কেন্দ্র করে প্রতিনিয়ত মারপিঠ হচ্ছে। যে বা যাঁরা ওপরতলায় টাকা তুলে দিতে পারছেন না, তাঁদেরকেই বেছে বেছে শোকজ বা সাসপেন্ড করা হচ্ছে। আরাবুলের কটাক্ষ, “যাঁরা তোলা তুলছে তাঁদের কিচ্ছু হচ্ছে না, আর যাঁরা তুলে দিতে পারছে না, তাঁদের কোল খালি হয়ে যাচ্ছে।”
সংগঠনিক কোপ ও শোকজ নোটিস
- দলবিরোধী কাজের অভিযোগে সম্প্রতি আইএসএফের রাজ্য কার্যকরী সভাপতি শামসুল আলি মল্লিক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লাকে শোকজ নোটিস পাঠানো হয়েছে।
- বিধানসভা ভোটের পর থেকেই শৃঙ্খলাভঙ্গের দায়ে কারিমুল ইসলাম ও রাহুল মোল্লার মতো একাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
- ফুরফুরা শরিফের কেন্দ্রীয় কার্যালয়ে আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতে এই দুই নেতাকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলছেন শোকজ হওয়া নেতারা?
তবে এই পদক্ষেপ নিয়ে এখনই দলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ শোকজ হওয়া নেতৃত্ব। তাঁদের মতে, দল ভুল-ত্রুটি যাচাই করার জন্যই কৈফিয়ত চেয়েছে। সত্যিই কোনো দলবিরোধী কাজ হয়ে থাকলে দল যেকোনো ব্যবস্থা নিতেই পারে, কারণ দলের কাছে সবাই সমান।