পুরীর খাজায় পচা তেলের দাপট! বড় অভিযানে প্রশাসনের কড়া পদক্ষেপ
বার্তা ডেস্কঃ
September 18, 20269:12 am
নকল ও নিম্নমানের খাজার রমরমা জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ ও পুরীর অন্যতম প্রধান আকর্ষণ ‘খাজা’ নিয়ে বড়সড় জালিয়াতির অভিযোগ উঠল। ভক্ত ও পর্যটকদের কাছে চড়া দামে নিম্নমানের এবং নকল খাজা বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ মিলতেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুরী জেলা প্রশাসন, খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশ।
কোথায় চলল তল্লাশি? পুরী শহরের সিটি ডিএসপির নেতৃত্বে পুলিশ প্রশাসন একাধিক খাজা প্রস্তুতকারী কারখানা এবং গুদামে একযোগে অভিযান চালায়। পুরীর অন্যতম ব্যস্ত এলাকা— স্বর্গদ্বার, বড়দণ্ড এবং শ্রী কৃষ্ণ সিনেমা লেনের বিভিন্ন খাজার গুদাম ও তৈরির কারখানায় এই সারপ্রাইজ ভিজিট চালানো হয়।
ভয়াবহ চিত্র ও প্রশাসনিক অ্যাকশন পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের সুস্বাদু প্রসাদের নামে নিম্নমানের মিষ্টি ধরিয়ে দেওয়া হচ্ছিল। অভিযানে গিয়ে খাজা তৈরির যে চিত্র সামনে এসেছে তা আঁতকে ওঠার মতো:
- খাজা ভাজার জন্য বছরের পর বছর ধরে ব্যবহার করা হচ্ছিল অস্বাস্থ্যকর ও ভেজাল তেল।
- খাজা ভেজানোর রস হিসেবে ব্যবহার হচ্ছিল বহুদিনের বাসি ও পঁচা মিছরি-চিনির জল।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ তাৎক্ষণিকভাবে প্রায় ৪ কুইন্টাল (৪০০ কেজি) অস্বাস্থ্যকর খাজা ফেলে দিয়ে নষ্ট করে দেয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে খাবারের গুণমান ধরে না রাখলে দোকান সিল করার পাশাপাশি নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।