কর্নাটক সফরে আচমকা অসুস্থ অমিত শাহ, কেমন আছেন তিনি?
বার্তা ডেস্কঃ
September 20, 202610:38 am
হুব্বলি: কর্নাটক সফরে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হুব্বলিতে তাঁর একাধিক নির্ধারিত কর্মসূচি থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সেগুলিতে যোগ দিতে পারেননি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে সারাদিন হোটেলেই বিশ্রামে থাকেন তিনি।
কী হয়েছিল অমিত শাহের? কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, আচমকা খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) কারণেই শারীরিক অস্বস্তি শুরু হয় অমিত শাহের। টানা বমি হওয়ায় বেশ দুর্বল হয়ে পড়েন তিনি। সাথে সাথেই চিকিৎসকদের পরামর্শ মেনে হোটেলের ঘরেই তাঁকে বিশ্রামে রাখা হয়। তবে সঠিক চিকিৎসায় দ্রুতই সামলে ওঠেন তিনি।
বাতিল একের পর এক মেগা কর্মসূচি শুক্রবার রাতে হুব্বলিতে পৌঁছানোর পর শনিবার সকালেই কেএলই (KLE) হাসপাতালের নতুন শিক্ষাভবন ও গবেষণাকেন্দ্র উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু সকালে হঠাৎ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি যেতে পারেননি। শাহের অনুপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার কর্মসূচিটি সম্পন্ন করেন। এর পাশাপাশি বেলগাভির শ্রী বীরেশ্বর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নতুন সদর দফতর উদ্বোধনের অনুষ্ঠানটিও বাতিল করতে হয়।
সন্ধ্যায় সংক্ষিপ্ত অনুষ্ঠান সেরে দিল্লি রওনা দিনভর বিশ্রামের পর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সন্ধ্যার দিকে সংক্ষেপে হুব্বলির কেএলই ক্যাম্পাসে উপস্থিত হন অমিত শাহ। সেখানে প্রতীকীভাবে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপরই বিশেষ নৈশ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গুরুতর কোনো জটিলতা নেই বলেই জানা গিয়েছে।