উপনির্বাচনের মুখে বিস্ফোরক হুমায়ুন, প্রচার করবেন না কেন?
বার্তা ডেস্কঃ
September 21, 20267:42 am
রেজিনগর: উপনির্বাচনের ঠিক আগে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল! পুরনো একটি মামলায় দলের ব্লক সভাপতি গ্রেফতার হতেই ক্ষোভে ফেটে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সাফ জানিয়ে দিলেন, রেজিনগরে আর বিন্দুমাত্র ভোটের প্রচার করবেন না তিনি।
কী ঘটেছে রেজিনগরে? রেজিনগর আসনে নিজের ছেলে গোলাম নবি আজাদকে AJUP-র প্রার্থী করেছেন হুমায়ুন কবীর। অন্যদিকে, দলের ব্লক সভাপতি সইফুল ইসলাম দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। কিন্তু ভোটের মুখে বহরমপুর থানার পুলিশ সইফুলকে একটি পুরোনো মামলায় গ্রেফতার করে। এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন। তাঁর অভিযোগ, শাসকদল ও পুলিশ মিলিমিশে তাঁদের দলের কর্মী-নেতাদের ওপর অত্যাচার চালাচ্ছে।
বিস্ফোরক হুমায়ুন কবীর: পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে হুমায়ুন বলেন, “আমরা প্রচার করব না। ভোটে যা হবার হবে! পুলিশ vote লুঠ করার চেষ্টা করলে ভোটের দিন তারও মোকাবিলা করা হবে।” স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পুলিশের বিরুদ্ধে ষোড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানান, এই পরিস্থিতিতে তাঁরা আর কোনও রাজনৈতিক প্রচারে নামবেন না।
জটিল রাজনৈতিক সমীকরণ: আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। এর আগেই তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন নিয়ে নানাবিধ নাটকীয়তা তৈরি হয়েছিল। অবশেষে মমতার হস্তক্ষেপে সেই জট কাটলেও, এখন হুমায়ুন কবীরের এই ‘প্রচার বয়কট’ রেজিনগরের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল।
ভোটের মাত্র কয়েক দিন আগে হুমায়ুন কবীরের এমন একতরফা সিদ্ধান্ত ও হুঁশিয়ারি রেজিনগরের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।