রেল রোকো ছেড়ে উৎসবে মাতল কুড়মি সমাজ, পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণার অপেক্ষায় লাখো জনতা!
বার্তা ডেস্কঃ
September 21, 20267:15 am
পুরুলিয়া: বিগত তিন বছর ধরে ২০ সেপ্টেম্বর বললেই জঙ্গলমহলে ভেসে উঠত আন্দোলনের ছবি—রেল রোকো, সড়ক অবরোধ আর থমথমে পরিস্থিতি। তপশিলি উপজাতির (ST) স্বীকৃতির দাবিতে প্রতি বছরই উত্তপ্ত হয়ে উঠত পশ্চিমাঞ্চলের একাধিক জেলা। কিন্তু চলতি বছরে দেখা গেল সম্পূর্ণ বিপরীত দৃশ্য। আন্দোলনের পথ বদলে এবার ঐতিহ্যবাহী করম পরবকে সামনে রেখে এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে আদিবাসী কুড়মি সমাজ।
এই মেগা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও এসে পৌঁছেছেন কুড়মি সমাজের বহু মানুষ। আয়োজকদের দাবি, এই বিশাল জমায়েতে উপস্থিতির সংখ্যা লক্ষাধিক ছুঁয়ে ফেলবে।
৪০ হাজার শিল্পীর নাচ ও নজরকাড়া সাংস্কৃতিক আয়োজন উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে সুবিশাল আদিবাসী নৃত্য পরিবেশনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে কুড়মি সমাজের প্রায় ৪০ হাজার করম দলের শিল্পী ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করবেন।
বিক্ষোভের বদলে উৎসব, মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় জঙ্গলমহল উৎসবের আবহের আড়ালেও কুড়মি সমাজের মূল লক্ষ্য তাদের দীর্ঘদিনের দাবি আদায়। বিগত বছরগুলিতে অবরোধের কারণে স্তব্ধ হয়ে যেত যোগাযোগ ব্যবস্থা। কিন্তু এবার রাজপথ বা রেললাইন অবরুদ্ধ না করে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে নিজেদের দাবি তুলে ধরছেন তারা।
আজ করম পরবের এই বিশেষ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কুড়মি সমাজের জন্য কোনো ইতিবাচক বার্তা বা গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কি না, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে গোটা জঙ্গলমহল। সমাবেশ শেষে পুরুলিয়ায় একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আন্দোলন ছেড়ে ঐক্যের এই নতুন বার্তা আগামী দিনে কী মোড় নেয়, এখন সেটাই দেখার।