বাদ পড়া ৮২% ভোটারের নাম ফেরাতে সুপ্রিম কোর্টে কমিশনের বড় পদক্ষেপ!
বার্তা ডেস্কঃ
September 21, 20267:10 am
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতা এবার আরও নতুন মোড় নিল। বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর অধীনে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর হাত গুটিয়ে বসে নেই সিংহভাগ নাগরিকই। তালিকা থেকে বাদ পড়া ভোটারদের প্রায় ৮২ শতাংশ মানুষই নিজেদের ভোটাধিকার ফিরে পেতে আপিল ট্রাইব্যুনালের বিচার চেয়েছেন।
সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জমা দেওয়া সর্বশেষ হলফনামায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা মামলার প্রেক্ষিতেই কমিশন এই তথ্য শীর্ষ আদালতে পেশ করেছে।
এক নজরে মামলার পাহাড় ও পরিসংখ্যান:
- পুনরায় নাম অন্তর্ভুক্তির লড়াই: SIR-এর পরে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ২২.২১ লক্ষ মানুষ নাম ফেরানোর দাবিতে পুনর্বহালের আবেদন জানিয়েছেন (যা মোট বাদ পড়া ২৭.১৬ লক্ষ ভোটারের প্রায় ৮২%)।
- নতুন নামে আপত্তি: শুধু নাম ফেরানোর আবেদনই নয়, নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ১৬.১০ লক্ষ আপত্তি জমা পড়েছে।
- বিচারাধীন মোট মামলা: দুই মিলিয়ে বর্তমানে রাজ্যের বিভিন্ন ট্রাইব্যুনালে ঝুলছে মোট ৩৮.৩১ লক্ষ আবেদন।
কেন এই পরিস্থিতি? রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের এই তথ্য যাচাইয়ের দায়িত্বে আনা হয়েছিল। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আগত প্রায় ৭০০ জন বিচারবিভাগীয় আধিকারিক প্রায় ৬০.০৬ লক্ষ ভোটারের নথি খতিয়ে দেখেন। যাচাই পর্ব শেষে মোট ২৭.১৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়। এই নাম বাদ পড়া নিয়ে আপত্তি শুনতে প্রথমে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।
দ্রুত নিষ্পত্তিতে লোকসভাওয়ারি নতুন ট্রাইব্যুনালের প্রস্তাব: বর্তমানে ৩৮ লক্ষেরও বেশি আবেদনের যে বিপুল পাহাড় জমেছে, তা ১৯টি ট্রাইব্যুনাল দিয়ে দ্রুত নিষ্পত্তি করা প্রায় আসাম্ভব। তাই কাজের গতি বাড়াতে লোকসভা কেন্দ্রের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব সুপ্রিম কোর্টে দিয়েছে নির্বাচন কমিশন, যাতে সাধারণ মানুষের আপিলের শুনানি দ্রুত শেষ করা সম্ভব হয়।