তারাপীঠে মা তারার দর্শনে আর লম্বা লাইন নয়! বাড়ি বসেই কাটুন VIP টিকিট
বার্তা ডেস্কঃ
September 23, 202612:33 pm
তারাপীঠ মন্দিরে মা তারার দর্শন ও পুজো দিতে প্রতিনিয়ত ভিড় জমায় হাজার হাজার ভক্ত। দর্শনের জন্য অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তবে ভক্তদের এই ভোগান্তি কমাতে এবার চালু হলো দারুণ এক ব্যবস্থা। এখন থেকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে কাটা যাবে তারাপীঠের পুজো ও দর্শনের টিকিট।
বাড়ি বসেই মিলবে VIP টিকিট ভক্তদের সুবিধার জন্য চালু হয়েছে ‘FAITH360’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মাত্র ৫০০ টাকা দিয়ে অতি সহজেই তারাপীঠ মন্দিরের ‘VIP দর্শনের’ টিকিট বুক করা যাবে। কেবল VIP দর্শনই নয়, সাধারণ পুজো দেওয়ার জন্য টিকিট কাটার সুবিধা রয়েছে এতে।
কীভাবে বুক করবেন টিকিট?
- ধাপ ১: প্রথমে মোবাইল ফোনে ‘FAITH360’ অ্যাপটি ইনস্টল করুন।
- ধাপ ২: নিজের নম্বর দিয়ে এবং ফোনে আসা OTP বসিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
- ধাপ ৩: অ্যাপে প্রোফাইল তৈরি করার পর সার্চ বারে ‘তারাপীঠ মন্দির’ লিখে খুঁজুন অথবা নিকটবর্তী মন্দিরের তালিকা থেকে বেছে নিন।
- ধাপ ৪: নিজের সুবিধাজনক তারিখ ও সময় (Slot) নির্বাচন করে ‘পুজো’ বা ‘VIP দর্শন’ অপশনটি বাছুন।
- ধাপ ৫: সব শেষে নির্দিষ্ট অর্থ মেটালেই (Payment) আপনার টিকিটটি বুক হয়ে যাবে।
অন্যান্য মন্দিরের টিকিট কাটার সুযোগ ‘FAITH360’ অ্যাপের মাধ্যমে শুধু তারাপীঠ নয়, পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি জনপ্রিয় ধর্মস্থানের টিকিট কাটা যাবে। যার মধ্যে রয়েছে মায়াপুর ইসকন মন্দির, কলকাতার ধ্যান মন্দিরসহ একাধিক বিখ্যাত মন্দির।
রাজ্যের অন্যতম জাগ্রত ও ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র হিসেবে তারাপীঠের খ্যাতি সারা দেশজুড়ে। এই নতুন অনলাইন ব্যবস্থার ফলে পুণ্যার্থীদের মন্দির দর্শন এবং পুজো দেওয়ার অভিজ্ঞতা যে আরও মসৃণ ও স্বস্তিদায়ক হবে, তা বলা বাহুল্য।