নেশাই কাল! ৩১ কোটির মাদক ধ্বংস করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বার্তা ডেস্কঃ
September 23, 20263:05 pm
কলকাতা: “নেশাই সর্বনাশের মূল।” রাজ্যে অপরাধ দমন ও অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে এবার আরও কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সম্প্রতি বারুইপুরসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনা ও নারী নির্যাতনের নেপথ্যে নেশাগ্রস্তদের ভূমিকা রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যকে সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে এবং ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ’ গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে সরকার।
বুধবার ইকোপার্কে পুলিশের বাজেয়াপ্ত করা প্রায় ৩ লক্ষ ১০ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিলের ওপর রোড রোলার চালিয়ে তা ধ্বংস করা হয়। গুঁড়িয়ে দেওয়া এই বিপুল পরিমাণ কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। ঘটনাস্থলে নিজে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে জানান, “পশ্চিমবঙ্গে নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এই অসাধু চক্রের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক একাধিক অপ্রীতিকর ঘটনায় দেখা গিয়েছে অপরাধীরা নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্তদের কারণেই সমাজের শান্তিশৃঙ্খলা ও পরিবেশ নষ্ট হচ্ছে। সরকারের প্রথম ৫ মাসের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল রাজ্যকে নেশামুক্ত করা।
ড্রাগ সিন্ডিকেট ও আন্তর্জাতিক মাদকচক্র ভাঙতে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সকে (STF) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এসটিএফ-এর অভিযানে আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত ড্রাগ মাফিয়া জাবেদ শামিমকে।
বাংলার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে। এর আগেও বালুরঘাটে প্রায় ২০ কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। রাজ্যের সীমান্ত বা অন্য কোনো পথ দিয়ে যাতে নতুন করে অবৈধ কাফ সিরাপ ঢুকতে না পারে, তার জন্য সমস্ত রুট অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।