দুর্বল ভাবলে বড় ভুল, পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের!
বার্তা ডেস্কঃ
September 28, 202611:45 am
ভারত সবসময় শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী; কোনো ভিনদেশের জমি দখল করার ইচ্ছে ভারতের কখনোই নেই। তবে ভারতের এই শান্তির বার্তা কিংবা সদিচ্ছাকে যদি কেউ দুর্বলতা মনে করার ভুল করেন, তবে তার পরিণাম হবে মারাত্মক। দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ভারত বিন্দুমাত্র আপস করবে না— রবিবার নয়াদিল্লির এক ডিফেন্স কনক্লেভে যোগ দিয়ে এমনটাই স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে প্রতিবেশী দেশগুলিকে তীব্র আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, যারা সন্ত্রাসবাদকে নিজেদের রাষ্ট্রীয় নীতি বানিয়ে নিয়েছে কিংবা সন্ত্রাসবাদীদের ছায়াসঙ্গী হয়ে মদত দিচ্ছে, তাদের সঙ্গে আলোচনার কোনো জায়গা নেই।
পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি কড়া হুঙ্কার দিয়ে বলেন, “কোনো প্রতিবেশী দেশ যদি সন্ত্রাসবাদে প্রশ্রয় দেওয়ার পুরোনো নীতি চালিয়ে যায়, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার ভারতের রয়েছে।”
সম্প্রতি এসসিও (SCO) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, জাতীয় নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর একার দায়বদ্ধতা নয়, এটি প্রতিটি ভারতবাসীর সম্মিলিত কর্তব্য। তাই ধর্ম, জাতি, ভাষা ও আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।