উপনির্বাচনের আবহেই বাংলার এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
September 28, 202612:15 pm
নয়াদিল্লি: রাজ্যজুড়ে উপনির্বাচনের উত্তেজনার মধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছাল বাংলার আলোচিত SIR মামলা। নির্ধারিত দিনের আগেই যেন শুনানি সম্পন্ন হয়, সেই আর্জি জানিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলাটি দ্রুত পর্যালোচনার জন্য পেশ (মেনশনিং) করেন মামলাকারীদের আইনজীবী।
আগামী ৬ অক্টোবর রাজ্যের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। ৫ অক্টোবর আদালতের নির্ধারিত শুনানির তারিখ হলেও, নির্বাচনের একদিন আগে শুনানি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবী। তিনি বেঞ্চের সামনে যুক্ত পেশ করে বলেন, সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা ইতিমধ্যেই একবার নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। যদি ভোটের আগেই এই আইনি সমস্যার সুরাহা না হয়, তবে এবারও সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার বিঘ্নিত হতে পারে। তাই ৫ তারিখের নির্ধারিত তারিখ এগিয়ে এনে আরও দ্রুত শুনানির আবেদন জানান তিনি।
আইনজীবীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সূর্যকান্ত পর্যবেক্ষণ করে মন্তব্য করেন, “এটি তো একটি উপনির্বাচন।” শেষ পর্যন্ত মামলাকারীদের দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৫ অক্টোবরই এই মামলার শুনানি সম্পন্ন হবে। অর্থাৎ, উপনির্বাচনের ঠিক আগের দিনই সুপ্রিম কোর্টে হতে চলেছে এই মামলার ভাগ্য নির্ধারণ।