সিনেমা হলে ২২ মিনিট বিজ্ঞাপন! প্রতিবাদ করে ৭৫ হাজার টাকা জিতে ইতিহাস গড়লেন যুবক!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:40 pm
মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গিয়ে টানা বিজ্ঞাপনের ঠেলায় বিরক্তি প্রকাশ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দায়। সিনেমা শুরুর আগে এবং ইন্টারভ্যালে একের পর এক বিজ্ঞাপন যেন ছবি দেখার আসল আনন্দটাই মাটি করে দেয়। তবে এবার আর চুপ থাকেননি এক দর্শক। অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন তিনি, আর তাতেই কেল্লাফতে! আদালত তাকে দিল মোটা অঙ্কের ক্ষতিপূরণ।
ঠিক কী ঘটেছিল? ঘটনাটি হায়দ্রাবাদের। এক যুবক নিজের বন্ধুর সঙ্গে রাত ১০:৩৫-এর শো-তে সিনেমা দেখতে যান। নিয়ম মেনে নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই, অর্থাৎ রাত ১০:৩০-এ তারা নিজেদের সিটে বসে পড়েন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সিনেমা শুরু হয়নি। অভিযোগ, রাত ১০:৫২ পর্যন্ত টানা ২২ মিনিট ধরে হলের পর্দায় চালানো হয় ট্রেলার ও বাণিজ্যিক বিজ্ঞাপন।
এই চরম বিলম্বের কারণে ছবি শেষ হয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত ৩টে বেজে যায় ওই যুবকের। হলের এমন অনৈতিক আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি সোজা দ্বারস্থ হন জেলা গ্রাহক সুরক্ষা আদালতের (Consumer Commission)। তার স্পষ্ট কথা ছিল—টিকিটের বিনিময়ে তিনি সঠিক পরিষেবা পাননি, বরং সময়ের অপব্যবহার করা হয়েছে।
আদালতের ঐতিহাসিক রায়: প্রায় এক বছর পর গত ১১ সেপ্টেম্বর এই মামলার রায় দিয়েছে হায়দ্রাবাদের জেলা গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন। আদালত স্পষ্ট জানায়, নির্ধারিত সময়ে ছবি না দেখিয়ে ২২ মিনিট বিজ্ঞাপন চালানো একটি ‘অনৈতিক বাণিজ্য কৌশল’ (Unfair Trade Practice)। এই অন্যায়ের জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে ওই যুবককে ৭৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনাণিতে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছিল—সচেতনতামূলক প্রচার ও বিজ্ঞাপন তাদের নিয়মিত ব্যবসার অঙ্গ এবং জনস্বার্থেই তা দেখানো হয়। কিন্তু কমিশন এই যুক্তি খারিজ করে দেয়। আদালত মনে করিয়ে দেয়, সচেতনতামূলক ভিডিওর জন্য সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২ মিনিট সময় নির্ধারিত। সিনেমা হলে বাণিজ্যিক বিজ্ঞাপন চালানো পুরোপুরি বন্ধ না হলেও, তার নামে দর্শকদের মূল্যবান সময় নষ্ট করার অধিকার হল মালিকদের নেই।
এই ঐতিহাসিক রায় অন্যান্য প্রেক্ষাগৃহগুলির জন্যও বড় সতর্কবার্তা, আর সাধারণ দর্শকদের জন্য নিজেদের অধিকার বুঝে নেওয়ার অনুপ্রেরণা!