টিফিনে খেলার মাঝেই বিপর্যয়, ৮ বছরের খুদে পড়ুয়ার রহস্যমৃত্যুতে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
September 30, 20267:35 am
স্কুলের টিফিন চলাকালীন সহপাঠীদের সঙ্গে খেলায় মেতেছিল আট বছরের খুদে। কিন্তু কিছুক্ষণ পরই আচমকা অসুস্থ বোধ করায় কাছেই একটি নাটমন্দিরে গিয়ে শুয়ে পড়ে সে। আর সেখান থেকে জেগেই ওঠাই হলো না তার! পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কাঞ্চনপুর উত্তরপল্লি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র গৌরাঙ্গ মেট্যার এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল গৌরাঙ্গ। তার মা রেখা মেট্যা পাশেই একটি জুনিয়র হাইস্কুলে মিড ডে মিলের রাঁধুনি হিসেবে কাজ করেন। দুপুর নাগাদ টিফিনের সময়ে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই অসুস্থ হয়ে পড়ে গৌরাঙ্গ। সে একাই পাশের নাটমন্দিরে গিয়ে শুয়ে থাকে।
অন্যান্য ছাত্ররা মিড ডে মিল খেতে গেলেও গৌরাঙ্গ যায়নি। কিছুক্ষণ পর বন্ধুরা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। খবর পেয়ে শিক্ষক ও গৌরাঙ্গের মা তড়িঘড়ি তাকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ—চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
৮ বছরের একটি সুস্থ শিশুর এমন আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছে পুরো পরিবার। গৌরাঙ্গের দাদু সুদর্শন মেট্যা আক্ষেপ করে বলেন, “ওর আগে কোনো শারীরিক অসুস্থতা ছিল না। সারাক্ষণ খেলাধুলো নিয়ে থাকত, হঠাৎ কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।” কাঞ্চনপুর উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাপদ দোলই জানান, গৌরাঙ্গ অন্তত চিকিৎসার সুযোগটুকুও দিল না, এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে তা কেউ ভাবতেও পারেনি।
মঙ্গলবারে ময়নাতদন্ত শেষে গৌরাঙ্গের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রাথমিকভাবে ঠিক কী কারণে মৃত্যু হলো, তা এখনও অস্পষ্ট। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নন্দকুমার থানার পুলিশ।