এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের কড়া পদক্ষেপ, তদন্তে ৬ সদস্যের বিশেষ দল!
বার্তা ডেস্কঃ
September 30, 202611:15 am
কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর রবিবারের তুলকালাম কাণ্ডে এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন। ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের চিহ্নিত করতে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান তথা অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই হাই-প্রোফাইল দল তদন্ত পরিচালনা করবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, পঞ্চসায়র থানায় দায়ের হওয়া তিনটি পৃথক এফআইআর-এর ভিত্তিতেই এগোবে তদন্ত। আগামী বৃহস্পতিবারের (১ অক্টোবর) মধ্যে তদন্তের প্রথম রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কারা রয়েছেন তদন্তকারী দলে? কুণাল আগরওয়াল ছাড়াও এই বিশেষ সিটে রয়েছেন:
- স্পর্ষ নিলাঙ্গী (ডিসি, গোয়েন্দা বিভাগ)
- কৌশিক ঘোষ (ডিএসপি, সিআইডি)
- সলিল রায় (কলকাতা পুলিশ)
- তুষারকান্তি ঘোষ (কলকাতা পুলিশ)
- হীরক দলপতি (কলকাতা পুলিশ)
তদন্তের স্বার্থে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে কোনও আধিকারিককে নিজেদের দলে যুক্ত করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সিট-কে।
কী ঘটেছিল সেদিন? রবিবার সকালে এসআরএফটিআই-এর প্রেক্ষাগৃহে আরএসএস-ঘনিষ্ঠ সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ (ABGP)-এর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। সংগঠনের দাবি ছিল, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা সভা করছিল। তবে ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি এবং রাজনৈতিক সমাবেশ আয়োজনের তীব্র প্রতিবাদ জানান পড়ুয়াদের একাংশ।
রেজিস্ট্রারের কাছে পড়ুয়ারা জবাবদিহি চাইতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে দু’পক্ষের বচসা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। একদিকে যেমন ছাত্র ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে গ্রাহক পঞ্চায়েতের বিরুদ্ধে, তেমনই পাল্টা মারধরের অভিযোগ এনেছে সংগঠনটিও। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত ক্যাম্পাস পরিবেশ শান্ত করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য প্রশাসন।