শিয়ালদহ এসি লোকাল যাত্রীদের জন্য দারুণ সুখবর, জেনে নিন নতুন স্টপেজ!
বার্তা ডেস্কঃ
September 30, 20268:25 pm
শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত সুখবর। নিত্যদিনের যাতায়াত আরও সুবিধাজনক ও সহজলভ্য করতে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি (AC) লোকাল ট্রেনে একাধিক স্টপেজ বাড়ানোর বড় ঘোষণা করল ভারতীয় রেল। ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই নতুন পরিষেবা।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যযাত্রীদের স্বস্তির কথা মাথায় রেখে গোপালনগর ও বামনগাছি স্টেশনে এসি ইএমইউ লোকালের পাকাপাকি (Permanent) স্টপেজ দেওয়া হয়েছে। পাশাপাশি সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেনটি থামবে।
নতুন স্টপেজের সময়সূচি দেখে নিন:
- ট্রেন নং ৩৩৭৬২ (রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ডাউন AC লোকাল): গোপালনগরে থামবে সকাল ০৭:৩৪ মিনিটে, বামনগাছিতে সকাল ০৮:৪৩ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে সকাল ০৯:৩৮ মিনিটে।
- ট্রেন নং ৩৩৭৬১ (শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট আপ AC লোকাল): শিয়ালদহ থেকে সন্ধ্যা ০৬:১৪ মিনিটে ছেড়ে বামনগাছিতে থামবে সন্ধ্যা ০৭:০২ মিনিটে, গোপালনগরে রাত ০৮:১৯ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত ০৮:৪৩ মিনিটে।
পরীক্ষামূলক ৩টি নতুন স্টপেজের সময়সূচি:
- ট্রেন নং ৩১৬৩৭ (রানাঘাট-শিয়ালদহ AC লোকাল): ইছাপুরে থামবে সন্ধ্যা ০৭:৩২ মিনিটে, হালিশহরে সন্ধ্যা ০৭:৫৪ মিনিটে এবং সিমুরালিতে রাত ০৮:১২ মিনিটে।
- ট্রেন নং ৩১৬৩৮ (রানাঘাট-শিয়ালদহ AC লোকাল): সিমুরালিতে থামবে সকাল ০৮:৪৫ মিনিটে, হালিশহরে সকাল ০৯:০২ মিনিটে এবং ইছাপুরে সকাল ০৯:২৩ মিনিটে।
উৎসবের মরশুমের মুখেই রেলের এই পদক্ষেপে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার হাজার হাজার নিত্যযাত্রীর সময় বাঁচবে এবং যাতায়াত আরও আরামদায়ক হবে।