সাউথ পয়েন্ট স্কুলে ক্লাসরুমেই সহপাঠীর গলায় ছুরির কোপ!
বার্তা ডেস্কঃ
কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ক্লাসরুমের ভেতরেই এক নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে তার সহপাঠীর গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল। বুধবার দুপুরে দুজন ছাত্রের মধ্যে সামান্য কথা কাটাকাটি থেকে চরম উত্তেজনা তৈরি হয়। এরপরই হোমটাস্কের কাজের জন্য ব্যবহৃত একটি ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলা চালানো হয়। রক্তে ভেসে যাওয়া আহত ছাত্রকে উদ্ধার করে দ্রুত বাইপাসের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
এই আকস্মিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। গড়িহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক, কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। ওই ছাত্র কেন সহপাঠীর ওপর হামলা চালাল এবং দুই ছাত্রের মধ্যে আগে থেকে কোনো বিবাদ ছিল কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে স্কুলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে বড়সড় প্রশ্ন।