পান মশলা বিজ্ঞাপনে বিতর্ক, শাহরুখদের উত্তরে কী জানাল কোম্পানি?
বার্তা ডেস্কঃ
‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে নিষিদ্ধ পান মশলা প্রচারে জড়িত থাকার অভিযোগে বলিতারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে নোটিস পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে। গত ১১ আগস্ট জারি করা সেই নোটিসে তারকাদের অবিলম্বে এই বিজ্ঞাপনের সমস্ত প্রচার থেকে সরে দাঁড়াতে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ দেড় মাস পর সম্প্রতি সেই নোটিসের জবাব দিয়ে তিন অভিনেতা দাবি করেছেন, তাঁদের চুক্তি ছিল স্রেফ এলাচের বিজ্ঞাপনের, যা কোনো তামাকজাত পণ্য নয়। ফলে পরোক্ষ প্রচারের দায়ে তাঁদের অভিযুক্ত করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে কঠোর অবস্থানে অনড় থেকে মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষাকর্তা তুকারাম মুন্ডে হুঁশিয়ারি দিয়েছেন, তারকা বা ইনফ্লুয়েন্সার কেউই আইনের ঊর্ধ্বে নন। তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে পরোক্ষভাবে যুক্ত থাকলেও তারকাদেরও সেই দায় নিতে হবে, কেবল উৎপাদনকারীকে দোষ দিলে চলবে না। তুকারামের মতে, এই ধরনের বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করে মূল ব্র্যান্ডের সঙ্গে যোগসূত্র তৈরি করে। ফলে তামাকজাত পণ্যের এই ধরনের বেআইনি প্রচারের বিরুদ্ধে আগামী দিনে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে তিনি স্পষ্ট জানান।