পুজোর আগেই বড় ধাক্কা, একলাফে ৭০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম!
বার্তা ডেস্কঃ
পুজোর মুখে কলকাতাবাসীর জন্য বড় ধাক্কা। উৎসবের মরশুম শুরু হতেই ফের এক দফায় বৃদ্ধি পেল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ৭০ টাকা বাড়ানো হয়েছে। এই দরবৃদ্ধির ফলে শহরে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম গিয়ে দাঁড়াল ২,৯৫৪ টাকায়। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয় এই যে, গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
পর পর দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বড়সড় আর্থিক চাপের মুখে পড়েছেন রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায়ীরা। দুর্গাপুজো থেকে শুরু করে উৎসবের দিনগুলিতে ক্যাফে এবং মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ে, ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাবে খাবারের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, আসন্ন বিয়ের মরশুমে কেটারিং ব্যবসার খরচও অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।