ব্যাঙ্কে সপ্তাহে দুই দিন ছুটি কি নিশ্চিত? শনি-রবিবার নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র!
বার্তা ডেস্কঃ
সব কিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই ভারতে ব্যাঙ্কগুলিতে প্রতি সপ্তাহে দু’দিন ছুটির নিয়ম চালু হতে পারে। দীর্ঘ দিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবি জানিয়ে আসছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। সম্প্রতি ধর্মঘটের ডাক দেওয়া হলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করা হয়। এর পরেই এই দাবি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রস্তাবটি উচ্চতর প্যানেলের কাছে পাঠানো হয়েছে। এই প্যানেলের অনুমোদন মিললে প্রস্তাবটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পরবর্তীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে।
বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। তবে নতুন এই প্রস্তাব কার্যকর হলে ব্যাঙ্কের কাজের দিন এবং ছুটির নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে টানা শনি ও রবিবার ছুটি না-ও থাকতে পারে এবং মাসে দুটি শনিবার ব্যাঙ্ক খোলা রেখে কর্মীদের সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির দীর্ঘদিনের এই দাবি পূরণের প্রক্রিয়া বর্তমানে অত্যন্ত ইতিবাচকভাবেই এগোচ্ছে।