ধর্মতলার ভোলবদল! ময়দান বাঁচাতে বড় পদক্ষেপ হাইকোর্টের
বার্তা ডেস্কঃ
কলকাতা ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকার পরিবেশ রক্ষা এবং যানবাহনজনিত দূষণ কমাতে ধর্মতলা বাস টার্মিনাস সরানোর প্রক্রিয়ায় এবার বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। প্রায় দুই দশকের দীর্ঘসূত্রতা কাটাতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটিতে পরিবহণ ও পরিবেশ দপ্তরের সচিব, অ্যাডভোকেট জেনারেল এবং মূল আবেদনকারী পরিবেশকর্মী সুভাষ দত্ত থাকবেন। টার্মিনাস স্থানান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির পাশাপাশি তার বাস্তবায়নের অগ্রগতি রিপোর্টও নিয়মিত আদালতে জমা দিতে হবে।
২০০২ সালে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় ২০০৭ সালেই বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, যা ২০১১ সালে সুপ্রিম কোর্টেও বহাল থাকে। কিন্তু প্রশাসনিক জটিলতা ও বিকল্প পরিকাঠামোর অভাবে বাস্তবায়নের কাজ দীর্ঘদিন আটকে ছিল। বর্তমানে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ চলার পাশাপাশি ময়দানের দূষণ রুখতে একটি স্থায়ী ‘মাল্টি-লেভেল টার্মিনাস’ তৈরির কথা ভাবা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় আদালতের এই কড়া অবস্থানের পর ধর্মতলার বাস টার্মিনাস সরানোর দীর্ঘপ্রতীক্ষিত প্রক্রিয়া অবশেষে গতি পাবে বলে আশা করা হচ্ছে।