শেয়ার বাজারের ধস রুখতে ঐতিহাসিক সিদ্ধান্ত, কী করল ভারত?

বার্তা ডেস্কঃ

সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে প্রবল ধস নেমেছে। বিদেশি লগ্নিকারীরা প্রায় আড়াই লক্ষ কোটি টাকার বেশি মূলধন তুলে নিয়ে মার্কিন বন্ডে বিনিয়োগ করায় বড় ধাক্কার মুখে পড়েছে ভারতীয় বাজার। আন্তর্জাতিক বাজারের এই অস্থিতিশীলতা এবং ধারাবাহিক পতন থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বিশ্বের নবম দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক বাজারে নিজস্ব ‘ইন্ডিয়া বন্ড ইয়েল্ড’ বা দীর্ঘমেয়াদি মূলধনী বন্ড চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংকটের সময়ে শেয়ার বাজারের পতন সামলাতে এবং বিদেশ থেকে বিপুল পরিমাণ মূলধন সংগ্রহ করতে এটি দেশের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে।

রিজার্ভ ব্যাঙ্ক যেমন সংকটকালে ডলার বা সোনা ব্যবহার করে অর্থনীতি স্থিতিশীল রাখে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-ও এই বন্ডকে ঠিক সেভাবেই ব্যবহার করবে। অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এই বন্ডের জন্য ‘বিবি প্লাস’ (BB+) রেটিংয়ের আবেদন জানানো হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই রেটিং পাওয়া গেলে বন্ডের বিশ্বস্ততা নিয়ে আর কোনো সংশয় থাকবে না, যা বিদেশি বিনিয়োগ ফেরাতে সাহায্য করবে। তবে কাঙ্ক্ষিত রেটিং না মিললে প্রাথমিক ধাক্কার ঝুঁকিও থেকে যাচ্ছে। সব মিলিয়ে, শেয়ার বাজারের লাগাতার রক্তক্ষরণ বন্ধ করতে এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্ব ফিরিয়ে আনতে ভারত সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *