অর্ধরাত্রে ধারালো অস্ত্রের কোপ, রক্তভেজা জগদ্দলে পুরনো বিবাদের ভয়ঙ্কর পরিণতি!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার জগদ্দলে পুরনো শত্রুতা ও আর্থিক লেনদেনের বিবাদ কেন্দ্র করে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। ধারালো অস্ত্রের নির্মম কোপে প্রাণ হারিয়েছেন রাজেশ তেওয়ারি নামে এক যুবক। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে রাজেশ এবং কারু নামের এক যুবকের মধ্যে ধারের টাকা নিয়ে বচসা চরমে ওঠে। অভিযুক্ত কারু পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে রাজেশের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং একের পর এক কোপ মারতে থাকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের পরই অভিযুক্ত কারু নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আর্থিক লেনদেনের বাইরে এই মর্মান্তিক ঘটনার পেছনে অন্য কোনো গভীর রেষারেষি বা ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কি না। স্থানীয় বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডেও ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, টাকা-পয়সার বিবাদের জেরে এই খুন সংঘটিত হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।