শেয়ার বাজারে বিশাল ধস, কয়েক ঘণ্টায় উধাও ৯ লাখ কোটি টাকা!
বার্তা ডেস্কঃ
অক্টোবরের প্রথম দিনেই বড়সড় ধাক্কার মুখে ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার লেনদেন চলাকালীন সেনসেক্স ১,০০০ পয়েন্টেরও বেশি নিচে নেমে যায় এবং নিফটি পড়ে প্রায় ৪০০ পয়েন্ট, যা ২২,৩০০-এর নিচে নেমে আসে। বাজারের এই দ্রুত পতনে কয়েক ঘণ্টার মধ্যেই বিনিয়োগকারীদের প্রায় ৯ লাখ কোটি টাকার সম্পদ উধাও হয়ে গেছে। মূলত বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমাগত শেয়ার বিক্রি, আমেরিকার বন্ডের সুদ বৃদ্ধি, ডলারের তুলনায় টাকার মানের অবমূল্যায়ন এবং অপরিশোধিত তেলের দামের অনিশ্চয়তাই এই ধসের প্রধান কারণ।
পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর একদিনেই বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে ১০ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন, যা পর পর দুই দিনে ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন ১০ বছরের ট্রেজারি বন্ডের সুদ ৫.৩ শতাংশের উপরে ওঠায় নিরাপদ মার্কিন বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে। পাশাপাশি, ইরান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেশের আমদানি খরচ ও অর্থনৈতিক চাপের চিন্তা বাড়িয়ে দিয়েছে। সেপ্টেম্বর মাসের ধারাবাহিক পতনের পর নতুন মাসের শুরুতেই এমন ধসে খুচরো বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।