অন্নপূর্ণা যোজনায় মিলবে মাসে ৩,০০০ টাকা, আবেদন করবেন যেভাবে!
বার্তা ডেস্কঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। নথিপত্র যাচাইয়ের কাজের জন্য এতদিন এর আবেদন গ্রহণ স্থগিত ছিল। এবার সেই জটিলতা কাটিয়ে যোগ্য অথচ এতদিন বঞ্চিত থাকা ইচ্ছুক মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে চলেছেন। আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে আয়োজিত বিশেষ ‘সেবা সেতু অভিযান’ শিবিরের মাধ্যমে এই সুযোগ মিলবে। কলকাতার ১৬টি বরো ছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লক ও পুর এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ জনকল্যাণ মূলক শিবির পরিচালনা করা হবে।
উক্ত শিবিরে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আবাস যোজনা, শিক্ষাশ্রী ও পিএম কিষানের মতো একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবাও পাওয়া যাবে। সরকারি আধিকারিকরা সরাসরি উপস্থিতি থেকে নতুন আবেদনের ফর্ম বণ্টন, জমা নেওয়া এবং নথিপত্র যাচাইয়ের যাবতীয় কাজ সম্পন্ন করবেন। এছাড়া যাঁরা চলতি দফায় আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে পুনরায় অনুরূপ বিশেষ শিবিরের পরিকল্পনা রাখা হয়েছে। ফলে নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনায় যুক্ত হওয়ার জোড়া সুযোগ তৈরি হলো।