পুজোর আগেই বিদায় নেবে বর্ষা, বাংলার আবহাওয়ায় বড় বদল!
বার্তা ডেস্কঃ
শারদোৎসবের মুখে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বিদায়ঘণ্টা বেজে গেছে বর্ষার; দেবীপক্ষেই বাংলা থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে বলে স্পষ্ট জানানো হয়েছে। দেশের অন্যান্য প্রান্ত থেকে বর্ষার বিদায় শুরু হয়ে গেছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও বিহার থেকেও তা সরে যাবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী এক সপ্তাহে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টি বা নতুন কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে সপ্তাহান্তে দু-এক জায়গায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সোমবার থেকে পাহাড়েও বৃষ্টির তীব্রতা কমে যাবে। তাই পুজোর কেনাকাটা থেকে শুরু করে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, সব প্রস্তুতিই নিশ্চিন্তে সারতে পারবেন রাজ্যবাসী।
তবে উৎসবের মরশুমে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও স্বস্তি দিচ্ছে না তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৬ শতাংশ ছুঁয়ে ফেলার কারণে কলকাতার সহ আশেপাশের অঞ্চলগুলিতে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বেলায় রোদ ও অতিরিক্ত আর্দ্রতার কারণে হাঁসফাঁস করা গরম ও চরম অস্বস্তি অনুভূত হতে পারে। আবহাওয়া শুষ্ক হলেও পুজোর দিনগুলিতে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার ক্ষেত্রে এই আর্দ্রজনিত অস্বস্তিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপাতত অন্তত আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে এই রোদঝলমলে অথচ চরম অস্বস্তিকর আবহাওয়াই বহাল থাকবে।