নেতা আক্রান্ত, অথচ পাশে বসে চা খাচ্ছেন রক্ষী! কেষ্টর অফিসে হামলা নিয়ে তুঙ্গে বিতর্ক।
বার্তা ডেস্কঃ
সিউড়িতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ঘিরে চরম রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিছু যুবক কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করছে এবং অনুব্রতকে হুমকি দিচ্ছে। তবে এই ঘটনাকে সম্পূর্ণ ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কুণাল ঘোষ ফেসবুকে একটি ছবি তুলে ধরে প্রশ্ন তোলেন, যেখানে নেতা আক্রান্ত হচ্ছেন, সেখানে তাঁর ঠিক পাশে থাকা ব্যক্তি কীভাবে নিশ্চিন্তে চা খাচ্ছেন! ছবি সত্য হলে এই হামলা যে একটি পরিকল্পিত নাটক, সেই দাবিই তুলেছেন তিনি।
অন্যদিকে, শমীক ভট্টাচার্যও বিষয়টি বিজেপির ঘাড় থেকে নামিয়ে একে তৃণমূলের সাজানো ঘটনা বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, অনুব্রত মণ্ডলের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের অফিসে এইভাবে হামলা হওয়া সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। ঘটনায় অভিযুক্ত যুবকরা তাঁকে সরাসরি হুমকি দিলেও, পুরো পরিস্থিতিতে অনুব্রতকে নীরব ও হাস্যমুখী দেখা যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।